নাসিরনগরে রোকিয়া হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের রোকিয়া বেগম হত্যা মামলার প্রধান দুই আসামি—স্বামী বদরুল মিয়া (৩০) ও স্ত্রী মাফিয়া বেগমকে (২৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৭ মে) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত বদরুল মিয়া নাসিরনগরের ধরমন্ডল গ্রামের কিসমত আলীর ছেলে।

র‌্যাব জানায়, পারিবারিক বিরোধের জেরে গত মার্চে রোকিয়া বেগমের বাড়িতে হামলা চালায় বদরুলের পরিবারের লোকজন। হামলার সময় বদরুল মাছ ধরার পল দিয়ে রোকিয়াকে আঘাত করেন। গুরুতর আহত রোকিয়া গত ৫ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর নিহতের ছেলে বাদী হয়ে বদরুল ও তার স্ত্রীসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১নং ও ২নং আসামিকে গ্রেপ্তার করে নাসিরনগর থানায় হস্তান্তর করে।