বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। গতকাল রবিবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ যান তিনি।
রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বেরিয়ে অলি আহমদ বলেন, ‘আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে উনার সাথে দেখা করতে এসেছিলাম। দেখা হয়েছে। উনার খবরাখবর নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যখনই সুযোগ পেয়েছি উনার খবরাখবর নিয়েছি। এবার উনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য ৪ মাস কাটিয়ে আসলেন, এখন কেমন আছেন সেই খবরাখবর নিয়েছি। আল্লাহর মেহেরবানিতে উনি ভালো আছেন। দোয়া করি, আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন।’ গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সাক্ষাৎ দিলেন।