শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া এলাকায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাধন সামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করার দায়ে ‘পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার বিকেল ৫টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
এনএসআই সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলিন কসমেটিকস কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই নিম্নমানের ও ভেজাল প্রসাধনী পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। এসব পণ্য উৎপাদিত হচ্ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছিল।
অভিযান চলাকালে কারখানার ভেতর থেকে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান, পণ্যের গায়ে সঠিক লেবেল না থাকা, অনুমোদনের কোনো বৈধ কাগজপত্রের অনুপস্থিতি এবং বাজারজাতের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়। এসব অপরাধের প্রেক্ষিতে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। তবে এ ঘটনায় কোনো জরিমানা আরোপ করা হয়নি বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।
অভিযানে নকলা থানা পুলিশের সদস্য, এনএসআই কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, “তাদের প্রস্তুতকৃত ৪৪টি পণ্যের তালিকা থেকে ২৭টির নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। প্রতিষ্ঠানটি বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের স্বাস্থ্য রক্ষায় এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”