'ভারতীয় দল এমন কোনো টুর্নামেন্টে খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী।' এক সূত্রের এমন বক্তব্য তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল এশিয়া কাপে খেলবে না ভারত। তবে এবার ভারতীয় ক্রিকে বোর্ড জানালো তারা এ বিষয়ে কোন আলোচনা করেনি।
বিসিসিআই সচিব দেভাজিত সাইকিয়া বলেছেন, সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, এসব টুর্নামেন্টের বিষয়ে কোনো আলোচনাই করেননি তারা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে সংবাদমাধ্যমের খবর উড়িয়ে দিয়েছেন বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সচিব।
দেভাজিত বলেন, 'এশিয়া কাপ ও উইমেন'স ইমার্জিং টিম এশিয়া কাপ, এসিসির এই ইভেন্টে বিসিসিআইয়ের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে সকাল থেকে কিছু খবর আমাদের নজরে এসেছে। এই ধরনের খবরের কোনো সত্যতা নেই, কারণ এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলো নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরের কথা, কোনো আলোচনাই করেনি বা পদক্ষেপ নেয়নি।'
বর্তমানে এসিসির সভাপতি মহসিন নাকভি, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও।
বিসিসিআই সচিব জানিয়েছেন, এসিসির টুর্নামেন্ট নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলে বোর্ডের থেকে জানিয়ে দেওয়া হবে।