পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল: নেতানিয়াহু

‘পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়া’ এবং হামাসকে ঠেকাতে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইসরায়েল। শিগগিরই ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ মে) টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিও বার্তায় এ কথা বলেন নেতানিয়াহু।

এদিকে শুক্রবার নতুন অভিযান শুরুর ঘোষণা দেওয়া ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের বাসিন্দাদের দ্রুত উপকূলে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজার সব অঞ্চল নিয়ন্ত্রণ করতে যাচ্ছি ...। ইসরায়েল হাল ছেড়ে দেবে না কিন্তু বিজয় নিশ্চিত করতে এমনভাবে কাজ করতে হবে যা থামানো যাবে না।

তিনি জানান, গাজায় হামাসের হাতে আটক ৫৮ জিম্মিকে মুক্তি এবং ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীটিকে ধ্বংস করার মাধ্যমে ইসরায়েল ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করবে।

ইসরায়েলের সমর্থক মার্কিন সিনেটরদের ‘বিশ্বে সবচেয়ে ভালো বন্ধু’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তারা আমার কাছে এসে বলেছেন— হামাসকে নির্মূল ও বিজয় অর্জনের জন্য প্রয়োজনীয় সব সহায়তা সরবরাহ করবেন। বিজয় অর্জনের জন্য, আমাদের যে করেই হোক সমাধান করতে হবে।

প্রায় দুই মাসের মধ্যে প্রথমবারের মতো গাজায় অল্প সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের বিষয়ে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক চাপ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় একটি নতুন সহায়তা ব্যবস্থা চালু করা হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষার মধ্যে মার্কিন সমর্থিত সংস্থাগুলো এ সহায়তা বিতরণ করবে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিধ্বংসী ট্যাংক ভূগর্ভস্থ অবকাঠামো এবং একটি অস্ত্র মজুদ পয়েন্টসহ ১৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাতে একটি স্কুলে হামলায় সাতজন এবং নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার একটি বাড়িতে তিনজন নিহত হয়েছেন।