ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুটে নিয়েছে একদল ডাকাত। গতকাল সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পিকআপের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও হেলপার মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানান, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনে মাছ বোঝাই করে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে একটি পিকআপ মাছভর্তি ওই পিকআপের গতিরোধ করে। এ সময় নীল রঙের ওই পিকআপে থাকা চার-পাঁচজন ডাকাত মাছভর্তি পিকআপে উঠে চালকের গলায় আঘাত করে। এ ছাড়া হেলপার মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে চালক ও হেলপারের হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাতদলটি চালক ও হেলপারকে তাদের পিকআপে তুলে নেয় এবং মাছভর্তি পিকআপটি নিয়ে ঢাকার দিকে চলে যেতে থাকে। ভোর সাড়ে ৪টার দিকে মাছভর্তি পিকআপের চালক ও হেলপারকে এক্সপ্রেসওয়ের হাষাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায় ডাকাতদল। শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, এ ঘটনায় পিকআপের হেলপার আল-আমিন শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।