ইতালিয়ান লিগে শিরোপা নির্ধারণী দুই ম্যাচের সূচি বদল

ইতালিয়ান লিগে এই মৌসুমে শেষ রাউন্ডে দুটি ম্যাচের দিকে বেশি নজর থাকবে ফুটবল ভক্তদের। শিরোপা নির্ধারক সেই দুটি ম্যাচ হলো নাপোলি-ক্যালিয়ারি ও ইন্তার মিলান-কোমো।

শিরোপা নির্ধারক এই দুই ম্যাচের সূচিতে পরিবর্তন করা হয়েছে। ম্যাচ দুটি দুদিন এগিয়ে এনেছে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ।

আগামী রবিবার মাঠে গড়ানোর কথা ছিল সিরি' আ এর এবার মৌসুমের শেষ রাউন্ডের ম্যাচ দুটি। ইতালিয়ান লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সূচিতে নাপোলি ও ইন্তার মিলান তাদের নিজ নিজ ম্যাচ খেলবে শুক্রবার। একই সময়ে শুরু হবে ম্যাচ।

৩৭ ম্যাচে ২৩ জয় ও ১০ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট ইন্তারের।

৩৮ রাউন্ড শেষে এই দুই দলেরই পয়েন্ট সমান হলে শিরোপার জন্য তাদের খেলতে হবে প্লেঅফ।