গার্দিওলার মানা, ইতালির কোচ তাহলে পিরলো?

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম

ইউরোপীয় ফুটবলের ডাগআউটে শুরু হতে যাচ্ছে এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। জিনেদিন জিদান ফরাসি ডাগআউটে আর ইয়ুর্গেন ক্লপ জার্মানির দায়িত্ব নেওয়ার পাশাপাশি কিছুদিন ধরেই পেপ গার্দিওলাকে ইতালির কোচ হিসেবে পাওয়ার জোর আলোচনা চলছিল। তবে ফুটবল বিশ্বের এই অন্যতম চর্চিত গুঞ্জনের অবসান ঘটাল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

ইতালি জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য দেশটির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও লিওনার্দোর দেওয়া লোভনীয় প্রস্তাব শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা মাস্টারমাইন্ড গার্দিওলা। তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নজর এখন আন্দ্রে পিরলোর দিকে।

মালদিনিকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে পেপ স্পষ্ট ভাষায় বলেছেন, সম্মানজনক এই প্রস্তাবের জন্য তিনি কৃতজ্ঞ, তবে এই মুহূর্তে এই দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি বা ইচ্ছা তার নেই।

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ এক দশকের সফল অধ্যায় শেষে আপাতত বিরতিতে যাওয়ার পরিকল্পনা আগেই পাকা করেছিলেন পেপ। তবে ইতালির মতো ঐতিহ্যবাহী দলের পক্ষ থেকে প্রস্তাব আসায় বেশ কিছুদিন বেশ ভালোই দ্বিধায় ভুগেছিলেন তিনি। কাছের বন্ধু পাওলো মালদিনির সঙ্গে দীর্ঘমেয়াদী প্রকল্পের (প্রায় আট থেকে দশ বছর মেয়াদী) কথা হলেও শেষ পর্যন্ত পেপের না বলার পেছনে বেশ কিছু জোরালো কারণ কাজ করেছে।

দীর্ঘদিন বিশ্বজুড়ে ভ্রমণ করার পর এখন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোই তার মূল অগ্রাধিকার। এছাড়া নিজের কাজের ধরনে কোনো রাখঢাক পছন্দ করেন না তিনি। পেপের মতে, জাতীয় দলের কোচিং মানেই দূর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা বা কর্মীদের ওপর অতিরিক্ত নির্ভরতা, যা তার নিখুঁত ফুটবল দর্শনের সঙ্গে খাপ খায় না। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ‘কাজ করলে শতভাগ উজাড় করেই করব, অর্ধেক বা দায়সারাভাবে নয়।’ ইতালি দেশের প্রতি অগাধ ভালোবাসা আর মালদিনির প্রতি সম্মান রেখেই আর্থিক বিষয় নিয়ে কোনো আলোচনা না করে সোজাসাপ্টা না বলে দিয়েছেন এই ফুটবল ট্যাকটিশিয়ান।

এদিকে গার্দিওলার কাছ থেকে নেতিবাচক উত্তর পাওয়ার পর কালক্ষেপণ না করে দ্রুতই 'প্ল্যান বি'-তে মনোযোগ দিয়েছে ইতালিয়ান ম্যানেজমেন্ট। মালদিনি ও লিওনার্দোর নতুন ভিশন বাস্তবায়নে এখন পরবর্তী প্রধান কোচ হিসেবে আন্দ্রে পিরলোর নামই সবার উপরে রয়েছে। সামনেই নেশনস লিগ এবং পরবর্তীতে ২০২৮ ইউরো ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর বড় চ্যালেঞ্জ এখন আজ্জুরিদের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত