ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে ঐক্য গঠনে তাগিদ

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘দল-মত নির্বিশেষে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় গত রবিবার তার ছোট ভাই আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুলশিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে। শিশু-কিশোরদের ডিভাইস থেকে বিরত রাখতে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। ঢাকা শহরের ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি দুটি ওয়ার্ডে লন্ডন শহরের আদলে একটি করে সবুজ খেলার মাঠ তৈরি করা হবে। সেখানে শিশু-কিশোররা খেলাধুলা এবং বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন।’

বিএনপি নেতা তারেক রহমান লন্ডন শহরের বিভিন্ন পার্কের উদাহরণ দিয়ে বলেন, ‘লন্ডনের বড় বড় সবুজ মাঠ ও সেখানে শরীরচর্চার বিভিন্ন উপকরণ দেখে যেমন ভালো লাগে, তেমন কষ্টও হয় যে আমাদের দেশে এই ব্যবস্থাগুলো নেই।’ তিনি বলেন, ‘আগামী দিনে যেকোনো ধরনের খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের অনুশীলনকাল থেকে শুরু করে পুরো সময় সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রাম শেষে ফ্যাসিস্ট বিদায়ের পর এবার দেশ গড়ার সময় এসেছে। দেশের জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক বহু মানুষ জীবন দিয়েছে, কিন্তু এখন হচ্ছে দেশ গড়ার পালা। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মান নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সব জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এসব বিষয়ে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকবে না।’

দেশের চারটি বিকেএসপিকে আরও বেশি কার্যকর করে সেগুলোর মাধ্যমে সারা দেশ থেকে খেলাধুলায় ট্যালেন্ট শিক্ষার্থীদের খুঁজে বের করার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম প্রমুখ।