আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। সংগতভাবেই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে, সেই স্থগিতাদেশ যদি বাতিল বা প্রত্যাহার না হয় তাহলে আমার মনে হয় না সেই দল নির্বাচন নির্বাচন করতে পারবে। কারণ নির্বাচনে সেই রাজনৈতিক দল অংশগ্রহণ করবে যাদের নির্বাচন কমিশনে নিবন্ধন আছে। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, এ স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাবে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না।

গতকাল সোমবার রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫-পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন প্রস্তুত।

আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, এ নিয়ে কমিশন কী মনে করে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

এর আগে গত রবিবার রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ রাজশাহী সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।