জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি গুদাম থেকে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করেছে যৌথবাহিনী। গত সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড় এলাকার চাল ব্যবসায়ী আলী হোসেনের গুদাম থেকে এসব চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি।
চাল ব্যবসায়ী মো. আলী হোসেন স্থানীয় জয়নাল আবেদীনের গুদাম ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ওই এলাকায় চালের ব্যবসা করে আসছেন।
জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড়ে ব্যবসায়ী আলী হোসেনের গুদামে অবৈধভাবে ভিজিএফের চাল মজুদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ভিজিএফের ৫০ কেজি ওজনের ১০২ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধার করা চালের বস্তা পরিবর্তন করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি উপস্থিত ছিলেন। জব্দ করা চাল থানায় হস্তান্তর করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, অবৈধভাবে মজুদ করা ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।