ছক্কায় সেঞ্চুরি শিবলীর

ছক্কা মেরে পূর্ণ করলেন শত রান। ব্যাটে ঝড় তুলে নজর কাড়লেন আবারও। যুব এশিয়া কাপে আলো ছড়ানো আশিকুর রহমান শিবলী এবার নিজেকে প্রমাণ করলেন ইমার্জিং দলেও। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে তার সেঞ্চুরির ওপর ভর করেই প্রথম দিন ভালো অবস্থানে বাংলাদেশ ইমার্জিং দল।

চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বৃষ্টিবিঘিœত প্রথম দিনে খেলা হয় মাত্র ৭০ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে তোলে ২৩৩ রান। যেখানে একার নান্দনিকতায় উজ্জ্বল ওপেনার শিবলীর ১৪৩ বলের ১০৪ রানের ইনিংস।

প্রথমে ফিফটি এবং পরে সেঞ্চুরি দুই মাইলফলকই স্পর্শ করেন স্টাইলিশ ভঙ্গিতে। শেপো এনটুলির বলে স্কয়ার কাটে চার মেরে স্পর্শ করেন পঞ্চাশ। এরপর শত রানে পৌঁছান ছক্কায় ৯৮ রানে থাকা অবস্থায় একই বোলারের বল তুলে মারেন লং অফের ওপর দিয়ে, উড়ন্ত ছক্কায় পূর্ণ করেন শতক।

শিবলীর ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছক্কা। তাকে থামাতে পারেননি কোনো বোলারই, থামাল রান আউট! শাহাদাত হোসেন দীপুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ১০৪ রানে থামেন এই ওপেনার।

তবে তার বিদায়ের পরও লড়াই জারি রাখেন অধিনায়ক শাহাদাত। জাতীয় দলের হয়ে ৬ টেস্ট খেলে জায়গা হারানো এই ব্যাটার নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে খেলেন দায়িত্বশীল ইনিংস। দিন শেষে ১২১ বলে ৪২ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গী প্রীতম কুমার ৫৯ বলে ৩১ রানে অপরাজিত।

এর আগে শিবলীকে নিয়ে ইনিংস শুরু করেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। শিবলী যখন মারছিলেন, রিজওয়ান তখন সংগ্রামী। ৪৩ বলে ১২ রান করে এলবিডব্লিউ হন এনটুলির প্রথম শিকার হয়ে। শিবলী এরপর আইচ মোল্লাকে সঙ্গে নিয়ে গড়েন ৬৮ রানের জুটি। তিনে নেমে আইচ শুরুটা ভালো করলেও ২৪ রানে এলবিডব্লিউ হন ফন ফুরেনের বলে।

তিনে নামা আরিফুল ইসলাম থেমে যান মাত্র ৩ রানে। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি শাহাদাত ও প্রীতম।

দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মাইকেল ফন ফুরেন, শেপো এনটুলি ও আন্দিলে সিমেলানে।