স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান এনসিপি'র

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

এনসিপির গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল বলেন, গত ৫৪ বছরের স্বৈরাচারী ব্যবস্থা জনগণকে মুক্তি দিতে পারেনি। একদল ১৭ বছর ধরে লুটপাট চালিয়েছে, আরেক দল রাত পোহালেই ক্ষমতার স্বপ্ন দেখে। আজ আপনারা স্থানীয় নির্বাচনের প্রশ্নে এত ভয় পাচ্ছেন কেন? স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।

তিনি আরও বলেন, আমরা রকিব মার্কা কমিশন চাই না, স্বৈরাচারের সংবিধান চাই না। পুরনো সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান তৈরি করে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। এর আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।

এনসিপির উত্তরা পূর্ব থানার প্রতিনিধি মাহীন তালুকদার বলেন, পাঁচ আগস্টের পর থেকেই বলে আসছি, দেশে পুরনো কোনো পদ্ধতি থাকবে না। কিন্তু আজও স্বৈরাচারী আওয়ামী লীগের তৈরি করা ব্যবস্থার মধ্যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি গঠন করতে হবে এবং একই সঙ্গে সংবিধান পুনর্লিখন করতে হবে।