খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি কম হাসতেন, তবে তার কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টানত। তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস।

সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ঢাকার জুরাইন কবরস্থানে তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া তার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে পরিবারের পক্ষে তাঁর ছেলে ও সংসদ সদস্য ইশরাক হোসেনসহ অন্য সদস্যরা অংশ নেন।

স্মৃতিচারণা করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা পাশাপাশি এলাকার বাসিন্দা ছিলাম। আমি শাহজাহানপুরের, আর খোকা গোপীবাগের। কখন যে একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে গেলাম, বুঝতেই পারিনি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা—সবখানেই আমরা একসঙ্গে ছিলাম। হাতে হাত রেখে এতগুলো বছর কীভাবে পার হয়ে গেল, আমাদের বয়স কীভাবে বেড়ে গেল, তা আজ ভাবতে কষ্ট হয়। খোকা ও আমার জীবনের নানা ঘটনা নিয়ে লিখতে বসলে আস্ত একটি বই হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আমাদের মতপার্থক্য কিংবা ঝগড়াও হতো। কিন্তু দিনশেষে আমরা বিএনপির আদর্শ ও মানুষের জন্য একসঙ্গে কাজ করেছি। রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। আজ সে আমাদের মাঝে নেই। সে থাকলে হয়তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও অনেক ভালো কিছু হতে পারত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত