টানা সপ্তম দিনেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ চলছে। আজ বুধবার সকাল থেকেই সমর্থকরা নগর ভবন, মৎস্য ভবন ও আশেপাশের এলাকায় জড়ো হয়ে মিছিল করেন।
এদিনও নগর ভবনের বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রাখায় সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সিটি করপোরেশনের কর্মচারীরা ভবনের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে, মৎস্য ভবন মোড়ে সমর্থকদের অবস্থানের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হয়ে পরে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। রাস্তা বন্ধ থাকায় নগর ভবনের সামনের সড়ক ফাঁকা দেখা গেছে।
এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট দুপুরে আদেশ দেবে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ বিষয়ে রায় দেবেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকেই তার শপথের দাবিতে সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটে হাইকোর্টের আদেশ আজ
মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন ইশরাকের সমর্থকরা, যান চলাচল বন্ধ