হংকং, নেদারল্যান্ডস, কানাডা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ডসহ আইসিসি সহযোগী সদস্যদের কাছে বাংলাদেশের হারের অতীত রেকর্ড আছে। এবার আরব আমিরাতের কাছেও হারতে হলো টি-টোয়েন্টিতে। পরিস্থিতি এমন যে, আজ বুধবার শেষ টি-টোয়েন্টিতে হারলে সিরিজ খোয়াতে হবে বাংলাদেশকে। এর বাইরে পরিসংখ্যান দিচ্ছে আরও বিব্রতকর তথ্য।
শারজায় গত সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আমিরাত। এই নিয়ে আইসিসির সহযোগী দলগুলোর কাছে ৯টি আন্তর্জাতিক ম্যাচ হারল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে সহযোগী দেশগুলোর কাছে হারের দিক দিয়ে এটাই সর্বোচ্চ।
সমান ৯ টি দলের কাছে হেরে বাংলাদেশের পাশে আছে ‘বিপদের বন্ধু’ জিম্বাবুয়ে। এছাড়া ৭বার হেরেছে আয়ারল্যান্ড, ৫ বার ইংল্যান্ড, ৪ বার ওয়েস্ট ইন্ডিজ। দুইবার করে সহযোগী সদস্য দলের কাছে হেরেছে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। একবার করে এই বিব্রতকর রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের।