যশোরের শার্শায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে বিদায় অনুষ্ঠানের দিনে শ্রেণিকক্ষের ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার-টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ৬ শিক্ষার্থী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে। গত মঙ্গলবার রাতে স্বাধীন বাবু নামে এক শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে এসব ভিডিও প্রকাশ পায়।
এতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী স্কুলের শ্রেণিকক্ষে ভাঙচুর করে মজা করছে এবং তা মোবাইল ক্যামেরায় ধারণ করে টিকটক ভিডিও বানিয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলো রহিত, মাসুদ, আপন, অর্ণব, মাসুম বিল্লাহ ও সামির। তারা সবাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহসান উল্লাহ বলেন, ‘স্কুলজীবন শেষ হওয়া মানেই বেদনার এক অধ্যায়। কিন্তু এ ধরনের অপকর্ম আমাদের লজ্জিত করেছে।’
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর বলেন, ‘পরীক্ষার আগে আমরা নিয়মমাফিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেদিনই এই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে ফ্যান, সিসি ক্যামেরা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। প্রথমে জানা না গেলেও ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো হয়েছে।’