গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বন্ধ হয়ে যাওয়া একটি কারখানার শ্রমিকরা। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
এলাকাবাসী, বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১০ অক্টোবর থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে ওই কারখানার প্রায় ২ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। কিন্তু তাদের পাওনাদি পরিশোধ না করেই কারখানাটি বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। গতকাল সকাল ৮টার দিকে ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় তারা বকেয়া বেতন, সার্ভিস বোনাসসহ অন্যান্য বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসনিক) আবু তালেব বলেন, ‘শ্রম আইন অনুয়ায়ী গত ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রমিকদের পাওনা নিষ্পত্তি হবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কিছু করার নেই।’