পোস্টার লাগাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আসন্ন ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতার পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম সফু (৪২) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমানের ভাতিজা।

জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছামূলক পোস্টার পাঠান। তার লোকেরা দুর্গাপুর বাজারসহ স্থানীয় বিএনপি অফিসে সেই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার এতে বাধা দেন। পরে হামিদুর রহমান রাশেদ বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে জানান। এতে জামাল মাস্টার আরও ক্ষিপ্ত হন।

এরপর জামালের নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে ২৫-৩০টি মোটরসাইকেলে কিছু ব্যক্তি আব্বাছনগর গ্রামে গিয়ে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালান। তারা আব্বাছনগর বাজারেও হামলা ও ভাঙচুর করেন। হামলায় রাশেদের স্বজন শফিকুল ইসলাম সফু মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।