ঢাকা-আরিচা মহাসড়কে ৩ ঘণ্টা অবরোধ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হাইওয়ে পুলিশের সংকেতে থেমে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে।

বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বসুন্ধরা রিসোর্টের সামনে ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ফলে দুই পাশেই কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীসাধারণ মারাত্মক দুর্ভোগে পড়ে।

রাত ৯টার দিকে একটি যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার দুটি ভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম তাসলিমা (৪০), আহাদ (৪৫) এবং নিশাদ (২৫)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসুন্ধরা রিসোর্টের সামনে হাইওয়ে পুলিশের সংকেতে থামা একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে আরেকটি বাইক ধাক্কা দিলে ওই তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, বরংগাইল হাইওয়ে থানা পুলিশের একটি দল নিয়মিতভাবে ওই এলাকায় যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষার নামে অবৈধভাবে অর্থ আদায় করে আসছে। স্থানীয়দের আপত্তি সত্ত্বেও এসব কার্যক্রম বন্ধ হয়নি। ফলে এলাকাটি প্রায়শ দুর্ঘটনার শিকার হচ্ছে। শুক্রবারের ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ বলে স্থানীয়দের ভাষ্য।

এ প্রসঙ্গে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।