ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মোটরসাইকেলে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন ঢাকায়, দুর্ঘটনায় পথে মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে শাকিলা আক্তার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মোটরসাইকেল চালক স্বামী সাকিব গাজী (৩৮)। শনিবার দুপুরে উপজেলার হাষাড়া এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি এলাকায়। তবে বসবাস করতেন রাজধানীর শ্যামলীর আদাবর এলাকায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ফরিদপুরের বোয়ালমারির গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল করে ঢাকার বাসায় ফিরছিলেন স্বামী ও স্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই নাজমুল হাসান, ঢামেকে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলাকে মৃত ঘোষণা করেন। স্বামী সাকিব ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।