ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সেন্টু মিয়া (৩৬)।
গত বৃহস্পতিবার রাতে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। ওই অ্যাম্বুলেন্সে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলীর লাশ এবং লাশের সঙ্গে তার স্বজনরা ছিলেন। ১০-১৫ জন ডাকাত দেশি অস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে লাশের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তারা অ্যাম্বুলেন্সের চালকসহ যাত্রীদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও অর্ধ লক্ষাধিক টাকা লুট করে। নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।