ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) বিকেলে ওই উপজেলার ভৈরবা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিকেল চারটার দিকে ভৈরবা বাজারের নিজ কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তিনি ভৈরবা তেল পাম্প এলাকায় পৌঁছালে হঠাৎ সেখানেই পূর্বপরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা চালায় একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজার অনুসারীরা। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও রড নিয়ে জিয়ার সঙ্গীদের ওপর চড়াও হয়। এ সময় জিয়ার সঙ্গে থাকা আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় জিয়ার সঙ্গে থাকা ৮জন আহত হন।
অন্যদিকে সোজানুর রহমানের অনুসারীদের দাবি, তারা ভৈরবা বাজারে একটি নির্ধারিত মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিয়ার নেতৃত্বাধীন লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে সোজানুর রহমান সোজা গ্রুপেরও ছয় থেকে সাতজন আহত হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তফা কামাল , শরীফুল ইসলাম , আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেন রেফার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতির শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।