অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে এবং তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখতে শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে পাঁচ বছর ক্ষমতায় রাখার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে হবে; জাতীয় সরকার গঠন করতে হবে; সংবিধান সংস্কার করতে হবে; জুলাই মাসের হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ড. ইউনূসকে অন্তত পাঁচ বছরের সময় দিতে হবে।
শাহবাগের ওই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলা হয়, ‘আপনারা আলোচনা করুন, বসুন, সময় নিন। প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ড. ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটা শক্তিশালী সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন হবে। সব নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই।’
সার্বিক বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ইনকিবাল মঞ্চ নামক একটি সংগঠনের সদস্যরা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত লোকসংখ্যা কম হলেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর ছিল।