ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২১১ জন। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৫৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, “গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২১১ জন। বহু লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা সড়কে পড়ে আছে, কিন্তু নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে, যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে কার্যত লঙ্ঘন করে। সেই সময় থেকে এখন পর্যন্ত নতুন দফার হামলায় ৩ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০ হাজার ৬০০ জন।
এদিকে, গাজায় চলমান আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিচালিত এই আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।