অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগর পাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার ভোরে ৪টার দিকে চন্দনাইশ সেনা ক্যাম্পের অধীন ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মুহুরিহাটস্থ নগর পাড়ায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুটি রাম দা, একটি ছুরি, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২৩১ টাকা উদ্ধার করা হয়।

আটক জুবায়ের আরেফিন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগর পাড়া এলাকার মো. জাফরের ছেলে।

চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব বলেন, ‘আটক ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’