দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে মিডওয়াইফারি ও নার্সিং স্টুডেন্ট এবং চিকিৎসকদের অংশগ্রহণে একটি র্যালি মিশন বাজার এলাকা প্রদক্ষিণ করে।
বিদেশি মিশনারি কর্তৃক পরিচালিত ল্যাম্ব হাসপাতালের ব্যবস্থাপনায় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশ ও উইমেন হোপ-এর কারিগরি সহায়তায় কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন স্টপ সাফারিং ফিমেল জেনিটাল ফিস্টুলার প্রতিনিধি সিলাস বাস্কে এবং ফিস্টুলা নির্মূল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মাহাতাব লিটন।
অনুষ্ঠানে ৩ জন ফিস্টুলা সার্ভাইভার তাঁদের জীবনকথা তুলে ধরেন। ফিস্টুলা সার্জন ডা. বেয়া রোগীদের ফিস্টুলা হওয়ার কারণ এবং এর চিকিৎসা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সচেতনতা তৈরির লক্ষ্যে স্টুডেন্টদের পরিবেশনায় একটি পথনাটকের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ বর্মন।
সভায় জানানো হয়, বাংলাদেশে এখনো ২০ হাজার ফিস্টুলা রোগী চিহ্নিত হয়েছেন এবং প্রতিবছর নতুন করে প্রায় ২ হাজার রোগী যুক্ত হচ্ছেন। ২০০৬ সাল থেকে পার্বতীপুরে পরিচালিত ল্যাম্ব হাসপাতালটি এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ প্রসবকালীন ফিস্টুলা রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে। পাশাপাশি রোগীদের থাকা-খাওয়া এবং যাতায়াত ব্যয়ও বহন করে আসছে হাসপাতালটি।