বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। ঘটনার পর লরির চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হচ্ছে।