মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার (২৫ মে) ভোর রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করা হয়।
জানা গেছে, সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। আটকদের মধ্যে ৯ জন শিশু, ৫ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।
আটকদের দাবি, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময় ভারতে যায়। তারা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। গত ছয়-সাত দিন আগে তাদের রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে আজ ভোরে মুজিবননগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভারত থেকে ঠেলে দেয়া নারী-পুরুষসহ শিশুরা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩