উপদেষ্টা রিজওয়ানা

প্রত্যাহার হবে মধুপুরে বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা

টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের অধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপন করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপন করা হয়। সে গুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে। 

এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুন:প্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।