যমুনার বুকে জেগে থাকা চরাঞ্চলের পথ কখনো বালুময়, কখনো কাদায় ভরা। নদীভাঙন, দারিদ্র্য আর যোগাযোগের দুর্ভোগ সেখানে নিত্যদিনের বাস্তবতা। সেই পথ ধরে কখনো যমুনার তীরে, কখনো বিদ্যালয়ের আঙিনায় দেখা যায় এক মানুষকে—হাতে বই, চোখে স্বপ্ন। তিনি ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। সুযোগ পেলেই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই; সঙ্গে জাগিয়ে তোলেন অজানাকে জানার আগ্রহ।
চরের অনেক শিশুর কাছে পাঠ্যবইয়ের বাইরের বই সহজলভ্য নয়। কৃষিজীবী ও স্বল্প আয়ের পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নানা বাধায় থমকে যায়। নদীভাঙনে ঘর হারানো, দুর্গম পথে বিদ্যালয়ে যাতায়াত—এসবের মধ্যে গল্প, বিজ্ঞান বা ইতিহাসের বই তাদের কাছে বিলাসিতা হয়ে উঠতে পারে। অথচ এই বইগুলোই শিশুর চিন্তার জগৎ খুলে দিতে পারে, দেখাতে পারে জীবনের নতুন দিশা। সেই বিশ্বাস থেকেই দুর্গম জনপদের শিক্ষার্থীদের কাছে বই নিয়ে যাচ্ছেন মাহবুব হাসান।
তার উদ্যোগে বই বিতরণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রান্তে বিদ্যালয় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের আগ্রহ ও স্বপ্নের কথা শোনেন, তারপর হাতে তুলে দেন বই। কখনো দর্শন, কখনো বিজ্ঞান, ইতিহাস বা সাহিত্য; কখনো বিশ্ববরেণ্য মানুষের জীবন ও কর্মের গল্প। অ্যারিস্টটল ও প্লেটোর দর্শন থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়—বইয়ের বৈচিত্র্য শিক্ষার্থীদের ভাবনার নতুন দরজা খুলে দিতে পারে। তাঁর নিজের উদ্যোগে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি বই বিতরণ করা হয়েছে।
এই বই দেওয়ার মধ্য দিয়ে তিনি কেবল পড়ার উপকরণ তুলে দিতে চান না, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার সাহসও জোগাতে চান। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ বিজ্ঞানী—এমন সম্ভাবনার কথা তাদের মনে করিয়ে দেন। পাশাপাশি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সৎ, বিনয়ী, উদার ও মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি। তার কাছে শিক্ষার সার্থকতা শুধু পরীক্ষার ফল কিংবা পেশাগত সাফল্যে নয়; জ্ঞান, বিবেক ও মানবিকতার বিকাশেও।
বই পড়ার অভ্যাস তরুণদের মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও ভূমিকা রাখতে পারে, এমন বার্তাও পৌঁছে দেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা শোনা এবং বইয়ের মাধ্যমে উৎসাহ দেওয়া এখন তাঁর দাপ্তরিক দায়িত্বের বাইরেও এক মানবিক অঙ্গীকার হয়ে উঠেছে।
একটি বই হাতে পেলেই কোনো শিশুর জীবন বদলে যাবে—এমন নিশ্চয়তা নেই। তবে বইয়ের একটি গল্প, একটি ভাবনা কিংবা একটি নতুন প্রশ্ন তার মনে দীর্ঘদিন থেকে যেতে পারে। সেখান থেকেই জন্ম নিতে পারে নতুন স্বপ্ন, বদলে যেতে পারে জীবনের পথচলা। যমুনার ভাঙনে যখন বসতভিটা ও স্মৃতি হারিয়ে যায়, তখন চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিয়ে মাহবুব হাসান ভবিষ্যতের সম্ভাবনা জাগিয়ে রাখতে চান। তাঁর পথচলা তাই শুধু বই বিতরণের নয়—জ্ঞান ও কল্পনার আলো নিয়ে এক প্রজন্মের পাশে দাঁড়ানোর গল্প।