ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৯ মাস বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে সালমা বেগম নামে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার কুলিকুন্ডা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
আটক সালমা হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। এর আগেও অপহরণের ঘটনায় সালমা উপজেলায় একাধিকবার আটক হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পাঁচ মাস পূর্বে একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে শিশু অপহরণের ঘটনায় আটক হন তিনি।
স্থানীয় লোকজন ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে দাঁতমন্ডল আলিয়া মাদ্রাসার শিক্ষক শাহিন মিয়ার স্ত্রী তার ৯ মাস বয়সী শিশু সন্তানকে ঘরে ঘুম পাড়িয়ে পাশের রান্না ঘরে কাজ করছিল। হঠাৎ তার শিশু সন্তানের কান্নার শব্দ শুনতে পান। ঘরে গিয়ে দেখতে পান যে তার শিশুকে কোলে করে একজন নারী পালিয়ে যাচ্ছে। তারপর তিনিও চিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে শেষে বাড়ির পাশ থেকে তাকে আটক করে। এ ঘটনার পর কলিকুন্ডা গ্রামের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয়রা জানান, গত ১৫দিন ধরে কুলিকুন্ডা গ্রামের কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘুরাঘুরি করছিল সালমা। কখনো স্কুলের নলকূপ থেকে পানি খেতে কিংবা আশপাশের বাড়িতে কাজ চাইতে বা ভিক্ষা করতে গিয়ে চারপাশ পর্যবেক্ষণ করেছেন। গ্রামের অনেকেই তার এই চলাফেরা সন্দেহের চোখে দেখত। কিন্তু হাতে-নাতে ধরা না পড়ায় কেউ কিছু বলছিল না।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, এক শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পেয়েছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।