মোবাইল চোর সন্দেহে মৌসুমি ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:১০ পিএম

গাজীপুরে মোবাইল চোর সন্দেহে মৌসুমি ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। রবিবার (২৫ মে) মহানগরীর কোনাবাড়ির পারিজাত (আমতলা) এলাকায় এ ঘটনা  ঘটে।
 
নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। আহত আব্দুল হক (৩৫) একই জেলার মোহনগঞ্জ থানার কেতুলিয়া গ্রামের মো. খালেক মিয়ার ছেলে। তারা দুজনই গাজীপুর মহানগরীর কোনাবাড়ির পারিজাত (আমতলা) এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের মধ্যে জুয়েল তালুকদার ভ্যান চালিয়ে ও মৌসুমি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

 
 
জিএমপি’র কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, গত শুক্রবার স্থানীয় এক বাসা থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। স্থানীয়রা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশি আব্দুল হক ও তার মেয়েকে শনাক্ত করে। রবিবার ওই মেয়ে পুনরায় একই বাসায় গেলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মোবাইল চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা মেয়েটির বাবা আব্দুল হক এবং তার সহযোগী জুয়েল তালুকদারকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল তালুকদার নিহত হন ও আব্দুল হক গুরুতর আহত হন। আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত