আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে ঢাকার বাইরে ছোট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন ১১৫০ এবং ঢাকায় সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫০ টাকা।
গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ‘কাঁচা চামড়ার দাম নির্ধারণ’ বিষয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব তথ্য জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার বর্গফুটপ্রতি দাম গত বছরের তুলনায় সর্বোচ্চ ৫ আর খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর প্রতি বর্গফুটে চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দামও নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ টাকা নির্ধারণ করে হয়েছে এবং ঢাকার এ দাম হবে ১৩৫০ টাকা।