সচিবালয়-এনবিআর-পোর্টেও বিপ্লব হবে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ’২৪ পরবর্তী সময়ে এটা আর পাবেন না।

সোমবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার সবকিছুর সহযোগী আপানারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই।

সবশেষে তিনি বলেন, সরকারের উচিত অবিলম্বে এ সকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে এবং নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

গত কয়েকদিন ধরে দাবি আদায়ে স্থবির ছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্ধ ছিল আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব কর্মকাণ্ড। সেই সমস্যার সমাধান হওয়ার মধ্যেই নজিরবিহীন আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।