জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার নাম পরিবর্তন করছে না। বরং একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন দলিটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।
শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিয়ায়েড ফেসবুক আইডির এক পোস্টে মাসউদ লিখেন, ‘একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে।’
তিনি আরও লিখেন, ‘আর ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’
সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন হান্নান মাসউদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।
জানা গেছে, পারিবারিক ভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন।
হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
