ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস। কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধির সঙ্গে যুদ্ধবিরতির খসড়া চুক্তিতে পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়েছে, চুক্তির খসড়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি এবং দুই দফায় ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ১০ জনকে মুক্তির কথা চুক্তিতে বলা হয়েছে।
শুরুতে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং বাকি পাঁচজনকে ৬০তম দিনে মুক্তি দেওয়া হবে। চুক্তিটি কার্যকর হওয়ার প্রথম দিন থেকে নিঃশর্ত মানবিক সহায়তার নিশ্চয়তা দেওয়া হয় বলে জানিয়েছে আল জাজিরা।
মার্কিন দূত স্টিভ উইটকফ খসড়াটি ইসরায়েল সরকারের কাছে পাঠিয়েছেন এবং এর জবাবের অপেক্ষায় রয়েছেন বলে সূত্র জানিয়েছে।
তবে এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, কোনো দায়িত্বশীল সরকার এ ধরনের চুক্তি মেনে নিতে পারে না।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এই চুক্তি সম্পর্কে এখনো কিছু বলেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে গাজা সম্পর্কে কিছুই উল্লেখ করেননি, বরং অবৈধ অভিবাসনের মতো অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন।
গাজায় সংঘাতের পরিপ্রেক্ষিতে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘আমরা এটি (যুদ্ধ) বন্ধ করতে পারি কিনা চেষ্টা করছি।’