দাউদকান্দি নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা গতকাল সোমবার উচ্ছেদ করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। একই দিনে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের আরশিনগর রেলক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান ও স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। একমাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়। তার পরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়নি। সোমবার বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযান চারদিন অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুণরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনাকালে নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, রেলওয়ে পুলিশ ও থানা-পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা ১১টায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ছিলেন উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধি, সেনাবাহিনী, থানা-পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদোয়ান ইসলাম বলেন, ‘এখানে উচ্ছেদ অভিযান অতীতেও হয়েছিল। আজকে উঠিয়ে দিয়ে গেলাম। নতুন করে যেন বসতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’