ইসরায়েলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বেসরকারি মানবিক সংস্থার প্রধান জ্যাক উড পদত্যাগ করেছেন। গত রবিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গতকাল সোমবার এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দুই মাস ধরে গাজা হিউমেনিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যাক উড। পদত্যাগপত্রে তিনি বলেন, এই সংস্থা মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা এবং স্বাধীনতার নীতিগুলো মেনে চলতে পারছে না। তবে উডের বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। পদত্যাগ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়াও দেননি যুক্তরাষ্ট্রের সাবেক এই মেরিন কর্মকর্তা।
এক বিবৃতিতে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বলেছে, ‘উডের পদত্যাগে তারা হতাশ। তবে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানোর প্রচেষ্টা থেকে তারা সরে আসবে না। তারা ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাবেন। বিবৃতিতে বলা হয়, আমাদের ট্রাকগুলো প্রস্তুত এবং রওনা দেওয়ার জন্য তৈরি। গতকাল থেকে সংস্থাটি সরাসরি গাজায় ত্রাণ সরবরাহ শুরু করবে এবং সপ্তাহ শেষের আগেই ১০ লাখের বেশি ফিলিস্তিনির কাছে পৌঁছাবে বলে জানায় তারা। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার পূর্ণ জনগোষ্ঠীকে সেবা দিতে দ্রুত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।’
আন্তর্জাতিক চাপের মুখে মার্চের শুরু থেকে জারি থাকা অবরোধ কিছুটা শিথিল করার পর সাম্প্রতিক দিনগুলোয় গাজায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করেছে। একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করেছে, গাজার এক-চতুর্থাংশ জনগোষ্ঠী, অর্থাৎ পাঁচ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত গাজা হিউমেনিটারিয়ান ফাউন্ডেশন জাতিসংঘের কড়া সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, সংস্থাটির ত্রাণ বিতরণ পরিকল্পনা ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর এবং আরও সহিংসতা ডেকে আনবে।
এদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী মাসেই ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ। রবিবার এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের ওপর। ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, ‘এই মানবিক ট্র্যাজেডির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।’ তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে। এ সময় খান ইউনুসে চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তার পরিবারকে মাল্টায় স্বাগত জানাতে প্রস্তুত থাকার কথা বলেন প্রধানমন্ত্রী অ্যাবেলা।