বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুদিনব্যাপী ‘রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২’ উদযাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ গতকাল মঙ্গলবার সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দুদিনব্যাপী উৎসবের শুভসূচনা ঘটে। অনুষ্ঠান উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ।
এদিন বেলা ১১টায় অ্যাকাডেমিক ভবন চত্বরে তারুণ্য মেলার আয়োজন করা হয়। তারুণ্য মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক নজরুল ইসলাম। বিকেলে ‘রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তা’বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার অংশ হিসেবে দ্বিতীয় দিন তারুণ্য মেলা, তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার, সুধী সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।
গত ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন ভর্তি পরীক্ষা থাকায় জন্মোৎসব আয়োজনের তারিখ পেছানো হয়।