মাতারবাড়ীর জন্য বিদেশি বিনিয়োগ জরুরি

উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উন্নয়নে আরও দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা মাতারবাড়ীকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।’

তিনি এই খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরেন এবং এ ধরনের বিনিয়োগ সহজতর করার জন্য একটি মাস্টারপ্ল্যান করার ওপর জোর দেন।

গতকাল মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) অগ্রগতি পর্যালোচনা শেষে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও নৌপরিবহন সচিবদের মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে সড়ক অবকাঠামো নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করার এবং সমুদ্রগামী কনটেইনার জাহাজগুলোকে ধারণ করতে সক্ষম টার্মিনাল নির্মাণের নির্দেশনা দেন।  তিনি মুক্তবাণিজ্য অঞ্চল এবং সংশ্লিষ্ট শিল্প-কারখানাগুলোর শ্রমিকদের জন্য একটি পরিকল্পিত শহর নির্মাণসহ নগর উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজ থেকে শুরু হতে যাওয়া জাপান সফরে এমআইডিআই অঞ্চলের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে তুলে ধরা হবে।

আসন্ন জাপান সফরে প্রধান উপদেষ্টার ৩০ মে টোকিওতে আয়োজিত ৩০তম নিক্কেই ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগদান এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করার কথা রয়েছে, যার লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য তহবিল নিশ্চিত করা। বৈঠকে মহেশখালী-মাতারবাড়ী অর্থনৈতিক অঞ্চলে জাপান তাদের দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের প্রথম অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ইতিমধ্যে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। এ ছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো, আবুধাবি পোর্টস, সৌদি আরবের বন্দর পরিচালনাকারী সংস্থা রেড সি গেটওয়ে, জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি জেরা এবং মালয়েশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বৈঠকে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, সড়ক পরিবহন, নৌপরিবহন, জ¦ালানি, বিদ্যুৎ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এমআইডিআই সেলের মহাপরিচালক সারওয়ার আলম সভায় চলমান প্রকল্পগুলোর একটি বিষদ পর্যালোচনা উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন আজ : নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে আজ বুধবার ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। এই সফরে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুই দেশের শীর্ষপর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া তিনি দুটি সেমিনারে অংশগ্রহণ করবেন। আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরে ১ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সহায়তার মধ্যে ৫০০ মিলিয়ন বাজেটারি সহায়তা হিসেবে, ২৫০ মিলিয়ন রেল খাতের উন্নয়নে এবং ২৫০ মিলিয়ন অন্যান্য খাতের জন্য। এ ছাড়া দেশটির সঙ্গে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, জাপানে কীভাবে প্রশিক্ষিত জনবল পাঠানো যায়, বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা আপাতত এক লাখ জনবল সেখানে পাঠানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন। এর জন্য ভাষা প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কীভাবে ভাষা প্রশিক্ষণ দিয়ে জনবল পাঠানো যায়, সে বিষয়ে গভীর আলোচনা হবে।

প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন : সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীদের কোনো চাওয়া থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতেই পারেন। কিন্তু আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।