অনেক আশা করে রিশাভ পান্তকে দলে নিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। খরচ করেছিলেন রেকর্ড ২৭ কোটি রুপি। কিন্তু পুরো টুর্নামেন্টে রিশাভ চরম ব্যর্থ। দলের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বটে, তবে তা দলের কোনো কাজে আসেনি। ১৪ ম্যাচ মিলিয়ে তার ব্যাট থেকে তিনশ রানও আসেনি! লখনৌয়ের ২৭ কোটি স্রেফ জলে গেছে।
এবারের আইপিএলে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাট করে পান্তের সংগ্রহ ২৬৯ রান, গড় মাত্র ২৪.৪৫, স্ট্রাইকরেট ১৩৩.১৬। এর কোনোটাই পান্তের নামের সঙ্গে মানানসই নয়।। গতকাল রাজস্থানের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১১৮ রানই তার সর্বোচ্চ ইনিংস। নাহলে তার রান দুইশও স্পর্শ করত না। গাণিতিক হিসাব করলে দেখা যায়, পান্তের রানপ্রতি লখনৌ খরচ করেছে ১০ লাখ রুপি! মঙ্গলবার রাতে শেষ ম্যাচের আগে এই হিসাব ছিল রানপ্রতি ১৮ লাখ!
অর্থাৎ, সঞ্জীব গোয়েঙ্কার ২৭ কোটির পুরোটাই জলে গেছে! যদিও পান্তকে কেনার পর তিনি বলেছিলেন, ‘দিল্লি ক্যাপিটালস পান্তকে রাখবে না জানার পরই আমরা তাকে নিয়েই দল সাজানোর পরিকল্পনা করেছিলাম। আমার বিশ্বাস, পান্ত অধিনায়ক হিসেবে দুর্দান্ত। তার নেতৃত্বের সেরাটা দেখানো এখনো বাকি। পান্তকে পেতে আমাদের ২৭ কোটি রুপি খরচ করতে হয়েছে। প্রয়োজনে ২৮ কোটিও খরচ করতাম।’