বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের পথ হলো নির্বাচন। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর সুযোগ নেই।
বুধবার (২৮ মে) নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, আমরা যে যায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি। আর সেই বার্তা হলো গণতন্ত্র, আর এই গণতন্ত্র হলো নির্বাচন। এখানে সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন পেছানোর কোন কারণ নেই।
তিনি বলেন, বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। বেগম জিয়া অনেক আগেই ভিশন ২০৩০ দিয়েছিলেন। আর গত দুই বছর আগে ফ্যাসিস্ট হাসিনার আমলে তারেক রহমান প্রথমে ২৮ দফার সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, পরে যা ৩১ দফায় রূপ নেয়। তাই বলতে চাই এই সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকত? কেউ বিদেশে, কেউ যেখানে চাকরি করছে সেখানে থাকত। আমরা থাকতাম জেলে না হয় ফাঁসির মঞ্চে। তোমাদের ওপর ভরসা নেই। বিচার বিএনপি করবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন বিলম্বিত করা হলে তরুণরা জবাব দেবে।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।