পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) হর্টিকালচার বিভাগে প্লাম্বিং করার সময় দেয়াল চাপা পড়ে রাফিউল্লা খান রাফি (২৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ক্যাম্পাস ও থানা পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের দেয়াল কেটে স্যানিটারি পাইপ লাইনের সংস্কার কাজের সময় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক রাফি আটকে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেয়াল সরিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নির্মাণ শ্রমিক রাফি বিশ্ববিদ্যালয়ের আমির ইঞ্জিনিয়ার্সের সাব কন্ট্রাক্টর বশির আকনের নিয়োজিত নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল জব্বার খানের ছেলে এবং তার গ্রামের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
