মহেশপুর-সোনারগাঁয়ে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশলপুর গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি একে অপরের চাচাতো বোন। গতকাল বুধবার সকালের দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুজনে খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আফিয়ার মামা এনামুল হক জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চলের পূর্ব বেহাকৈর গ্রামের নয়াপাড়া এলাকায় গতকাল বুধবার দুপুরে ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ (৮) ওই এলাকার বাদশা মিয়া ও হাবিবুর (৭) হানিফা মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় ওই শিশুরা তাদের বাড়ির পাশের একটি খালি জায়গায়   ফুটবল খেলছিল। পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়, তাকে বাঁচাতে গেলে হাবিবুরও সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়। পরে দুজনের মরদেহ পুকুরে ভেসে ওঠে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।