গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ জন নিহত

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আরও অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। নতুন এই প্রাণহানিতে গাজায় মোট নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ১০০ জনে।

গতকাল বুধবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ১৮ মার্চ থেকে শুরু হওয়া সাম্প্রতিক ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ধারাবাহিক হামলায় উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৪ জন। বুধবার, গাজায় চলমান হামলার ৬০০তম দিনে এ হিসাব তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নতুন করে ২৮টি মরদেহ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১৭৯ জন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩০৮ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে রয়েছেন, যাদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।

চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৯২৪ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন আরও ১১ হাজার ২০০ জনের বেশি। এতে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিটি কার্যত ভেঙে যায়।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলমান রয়েছে।