মেসি-সুয়ারেজের জোড়া গোল; চার ম্যাচ পর মায়ামির জয়

অবশেষে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। চার ম্যাচ পর তারা মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে। আগের চার ম্যাচে দুটি হার এবং দুটি ড্র করেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। আজকের ম্যাচে দুটি করে গোল করেছেন দুই সুপারস্টার লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ২৭তম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। তবে প্রথমার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি। বিরতির পর শুরু হয় গোল উৎসব। ৬৮ মিনিটে মেসির বাড়ানো বল ধরে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০-ও বানিয়ে ফেলেন উরুগুইয়ান তারকা।

দান্তেসিলির সৌজন্যে ৭৪ মিনিটে মন্ট্রিয়াল প্রথম গোলের দেখা পায়। তবে ৮৭ মিনিটে মেসি আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। কম যায়নি আগের ১৫ ম্যাচের মাত্র একটিতে জেতা মন্ট্রিয়ল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিক্টর লুটোরি, যা শুধু ব্যবধানই কমিয়েছে। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে।

বাজে সময় পার করতে পেরে বেশ খুশি মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো, ‘আমাদের বাজে সময় পার করাটা জরুরি ছিল। সেটা হওয়ায় আমি খুশি। তবে দুর্ভাগ্যজনকভাবে জয়ের আনন্দ মলিন হয়ে গেছে গনজালো লুজান, টমা অ্যাভিলেস এবং জর্দি আলবা মাঠ ছেড়ে যাওয়া। গঞ্জালো আর জর্দির পেশিতে সমস্যা হয়েছে। আর টমাসের সমস্যা অ্যাঙ্কেলে। পরিস্থিতি বুঝতে একদিন সময় লাগবে।’