লিটন বললেন ‘সামনে আরও দুটি ম্যাচ আছে’

আপডেট : ২৯ মে ২০২৫, ১১:০৬ এএম

একের পর এক ম্যাচ হেরেই চলছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে গতকাল প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে ৩৭ রানে।

পরাজয় দিয়ে সিরিজ শুরু করলেও আশা হারাচ্ছেন না অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে বলেছেন ঘুরে দাঁড়ানোর কথা, ‘হ্যাঁ অবশ্যই (হতাশাজনক)। ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না... তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো দুটি ম্যাচ আছে।’

গতকাল আগে ব্যাট করে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ওই রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৪ রানে। তবে লিটন মনে করেন- এই রান তাড়া করা সম্ভব ছিল, ‘আমি নিশ্চিত এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

অবশ্য শুধু ব্যাটিং নয়, কোনো বিভাগেই ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না বাংলাদেশ। এই বিষয়ে লিটনের বক্তব্য, ‘হ্যাঁ অবশ্যই (ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন)। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিং করছি না।’

সমস্যার সমাধান করে পারফর্মেন্সের উন্নতি ঘটাতে মানসিকতার ওপর জোর দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘শুধুঅনুশীলন করে নয়। মানসিকতার জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। আমার মনে হয়, ক্রিকেট শুধু অনুশীলনের ব্যাপার নয়। আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে এবং মাঠে বাস্তবায়ন করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত