আইপিএলের প্লে অফে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঞ্জাবের মহারাজা যুজবেন্দ্র সিং স্টেডিয়ামে। এই ম্যাচে যারা জিতবে, তারা সরাসরি চলে যাবে ফাইনালে। আর হারলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। কিন্তু ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কী হবে?
লিগ পর্বে দুই দলই ১৪ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করেছে। নেট রান রেটের দিক দিয়ে শীর্ষে আছে পাঞ্জাব। এবারের প্লে অফে কোনো রিজার্ভ ডে নেই। নিয়ম অনুযায়ী, প্লে-অফের ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট টেবিলে ওপরে থাকা দল চলে যাবে ফাইনালে। তাই আজকের ম্যাচ ভেস্তে গেলে কপাল পুড়বে বিরাট কোহলিদের। কারণ নেট-রানরেট এগিয়ে থাকায় পাঞ্জাব সরাসরি চলে যাবে ফাইনালে।
অবশ্য প্লে-অফ ও ফাইনালের ম্যাচের জন্য বিসিসিআই আলাদা পরিকল্পনা করেছে। এই চার ম্যাচ শেষ করতে বাড়তি ২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে আবহাওয়াবার্তাও শোনাচ্ছে আশার বাণী। পাঞ্জাবের মুল্লানপুরে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬। তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।