বৃষ্টিতে পন্ড ফাইনাল, টসে নির্ধারিত স্কুল চ্যাম্পিয়ন

টানা বৃষ্টিতে মাঠ ভেসে গেলেও থামেনি শিরোপার লড়াই—শেষ পর্যন্ত ভাগ্যের নিষ্ঠুর খেলায় নির্ধারিত হলো চ্যাম্পিয়ন। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪–২৫ এর ফাইনালে মডার্ন হাই স্কুল, কুমিল্লা, শিরোপা ছিনিয়ে নিল টসের সৌভাগ্যে।

বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে মডার্ন হাই স্কুলের প্রতিপক্ষ ছিল বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু আকাশ ভাঙা বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। খেলার ন্যূনতম ২০ ওভার সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এমনকি সম্ভাব্য ‘সুপার ওভার’ আয়োজনের কথাও উঠেছিল, কিন্তু বৈরী আবহাওয়ায় সেটিও বাতিল হয়ে যায়।

চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল

টুর্নামেন্টের গঠনতন্ত্র অনুযায়ী, এমন পরিস্থিতিতে বিজয়ী নির্ধারিত হয় টসের মাধ্যমে। সেই ভাগ্যবান দল হিসেবে উঠে আসে মডার্ন হাই স্কুল, কুমিল্লার নাম। এ জয়ে তারা পেয়েছে নগদ ১ লাখ ৫০ হাজার টাকার চ্যাম্পিয়ন পুরস্কার। রানার্সআপ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজকে দেওয়া হয়েছে ১ লাখ টাকার প্রাইজমানি।

প্রতিযোগিতার উত্তেজনা আর কাঙ্ক্ষিত ফাইনাল দেখার প্রত্যাশায় থাকা দর্শকরা হয়তো হতাশ, তবে মডার্ন হাই স্কুলের জন্য দিনটি থেকে যাবে ইতিহাসে, এক অন্যরকম জয়গাথা হয়ে।